কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় আটক হওয়ার আগে ফেসবুকে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছিলেন শাহরিয়া আনাস। অপ্রতিমের মৃত্যুর খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে সেখানে তিনি অপ্রতিমের সঙ্গে তার পরিচয় ও কথোপকথনের স্মৃতি তুলে ধরেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে দেওয়া ওই পোস্টে আনাস অপ্রতিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার মা-বাবার জন্য দোয়া করেন। পোস্টে তিনি লেখেন, অপ্রতিম মাঝেমধ্যে তাকে মেসেজ দিয়ে ছবি তোলার কথা বলত। এসব স্মৃতি মনে করে এখন তার খারাপ লাগছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ অপ্রতিম হত্যার ঘটনায় আনাসসহ তিনজনকে আটক করেছে। এর আগে শুক্রবার বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে কোটবাড়ীর ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরে তার বাবা থানায় জিডি করেন।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অপ্রতিমের সঙ্গে তুহিন নামে এক তরুণকে দেখা যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাসকে আটক করা হয়। সর্বশেষ ফাহিম আহমেদসহ আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপ্রতিম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

