কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের মায়ের হারানো আইফোন উদ্ধার করা হয়েছে। তুহিনের মা যমুনা টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
তুহিনের মা বলেন, সাদা পোশাকে একদল পুলিশ তুহিনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে গিয়ে তার ঘরে তল্লাশি চালায়। পরে বিছানার নিচে একটি কালো শপিং ব্যাগের ভেতর থেকে আইফোনটি উদ্ধার করা হয়।
হত্যাকাণ্ডের দিন তুহিনের গতিবিধি সম্পর্কে তার মা বলেন, শুক্রবার জুমার নামাজের পর খাওয়া-দাওয়া শেষে তুহিন বাড়ি থেকে বের হয়। বিকালে আবার বাড়িতে ফিরে আসে। তবে সন্ধ্যার কিছুক্ষণ পর ফের বাইরে যায় এবং রাত ৯টার দিকে বাড়ি ফিরে আসে। এরপর সে ঘুমিয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মোবাইলের অবস্থান কুমিল্লার গন্ধমতী এলাকায় শনাক্ত হয়েছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়।
অপ্রতিম শুক্রবার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় তুহিনসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে এবং তদন্ত চলছে।

