কক্সবাজারে বিজিবির অভিযানে ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
রোববার রাত ১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. এরফান (৩০) নামে একজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, আটক এরফান কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত মো. আব্দুল ছামাদের ছেলে। এ ঘটনায় টেকনাফের সাবরাং সিকদার এলাকার মো. কাদের (৪৫), মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫) পলাতক রয়েছেন।
আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য মালামালসহ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

