কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গ্রেপ্তার চারজন নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানিয়েছেন, প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অপ্রতিম হত্যাকাণ্ডে মোট চারজন গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। মামলার অন্যান্য আইনগত কার্যক্রমও চলমান রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বয়স যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মধ্যে কয়েকজন কিশোর। দুজনের বয়স ১৮ বছরের বেশি হলেও একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেছেন, আটক ব্যক্তিদের আচরণ ও কর্মকাণ্ড অনেকটা কিশোর অপরাধী চক্রের মতো। নিহত অপ্রতিমের সঙ্গে তাদের পরিচয়, বন্ধুত্ব ও নিয়মিত ওঠাবসা ছিল। তারা প্রায়ই একসঙ্গে আড্ডা দিত। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের অনেকেই অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, অপ্রতিমের আইফোনটিও উদ্ধার করা হয়েছে। প্রধান সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে ফোনটি পাওয়া গেছে। মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ফরেনসিক বিশ্লেষণ চলছে।
তিনি বলেছেন, আসামিরা ঘটনার কথা স্বীকার করেছেন। এখন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়েও কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুলিশ দ্রুততার সঙ্গে তদন্ত এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তার দাফনও করা হয়েছে।
অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত চার্জশিট দেবে। এরপর বিচার বিভাগ মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার উদ্যোগ নেবে। রামিসা হত্যাকাণ্ডের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারও স্বল্প সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

