একনেকে পুনরায় অনুমোদন মিললেও জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট আরপিসিএল সৌরবিদ্যুৎ প্রকল্পের মূল নির্মাণকাজ এখনো শুরু হয়নি। প্রকল্পটির প্রায় ৬২ শতাংশ ভৌত কাজ শেষ হওয়ার পর ২০২৫ সালের আগস্টে কার্যক্রম স্থগিত হয়ে যায়।
মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের কাইজার চরে ৩১৬ দশমিক ৬৫ একর জমির ওপর প্রকল্পটি নির্মিত হচ্ছে। বছরে প্রায় ১ লাখ ৭৮ হাজার ২৭৪ মেগাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। গত ১৯ আগস্ট একনেক সভায় সংশোধিত আকারে প্রায় ১ হাজার ৬১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি পুনরায় অনুমোদন পায়।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ব্যবস্থাপনাগত সংকট, বকেয়া বিল, পরামর্শক নিয়োগে জটিলতা এবং পূর্বের বিভিন্ন অভিযোগের কারণে কাজ দীর্ঘদিন ধরে স্থবির রয়েছে। ভারতীয় ইপিসি ঠিকাদারের ২১০ কোটির বেশি টাকা বকেয়া থাকার কথাও জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, আরসিসি ব্লক বসানো, মাটি ভরাট, সৌর প্যানেলের ফ্রেম তৈরি এবং ঘাটাইল গ্রিড পর্যন্ত ৪৭ কিলোমিটার সঞ্চালন লাইনের কাজ অনেকটাই শেষ।
প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ক্ষুদ্র কাজ চলমান রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে মূল কাজ শুরু হবে। স্থানীয়রা দ্রুত নির্মাণকাজ শুরুর দাবি জানিয়েছেন।

