নোয়াখালী সদরে প্রবাসী বন্ধুর আগমন উপলক্ষে আয়োজিত বারবিকিউ পার্টিতে বিভিন্ন বিষাক্ত মাদকদ্রব্য মিশ্রিত ‘ঝাক্কাস’ মদপানে মোহাম্মদ সাকিব (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার তরুণ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) রাতে কাদির হানিফ ইউনিয়নের মুসলিম কলোনিতে এ ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান জানান, স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দুই তরুণকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকি দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত বিষাক্ত ও ভেজাল অ্যালকোহল পানের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

