গণমাধ্যম নিয়ন্ত্রণ বা সাংবাদিকদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের জন্য সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি জানান, জনগণ ও সাংবাদিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই এই আইনের মূল লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমে ভুলবশত সাইবার আইনের ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়ার আগে আদালতের অনুমতি নেওয়ার যে প্রস্তাব সাংবাদিকরা দিয়েছেন, সরকার তা বিবেচনা করছে। এ ছাড়া অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ভূয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের স্পষ্ট সংজ্ঞা ও নীতিমালা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

