জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর কুষ্টিয়ায় সশস্ত্র হামলা ও গাড়ি ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?”
রোববার (৪ অক্টোবর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম অভিযোগ করেন, কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে বিএনপির সন্ত্রাসীরা পাটওয়ারীসহ এনসিপির নেতাকর্মীদের ওপর এই হামলা চালিয়েছে। এটি বর্তমান সরকার গঠনের পর তাঁর ওপর পঞ্চম হামলা উল্লেখ করে তিনি দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান। উল্লেখ্য, রোববার সন্ধ্যায় কুমারখালীর লালন আখড়াবাড়িতে এই হামলার ঘটনা ঘটে এবং পরবর্তীতে পুলিশি নিরাপত্তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

