চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় এলাকায় ছিনতাইকারীকে তাড়া করতে গিয়ে একটি বাসের ধাক্কায় আল আমিন সরদার (২৫) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকালে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (৫ অক্টোবর) ভোরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আল আমিন সিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালী থানায় সংযুক্ত ছিলেন। এই ঘটনায় ঘাতক বাসটির চালক ও স্টাফকে আটক করার পাশাপাশি সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

