ঘুষ নিয়ে প্রকাশ্যে মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক মো. ইলিয়াস হোসাইনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
৫ অক্টোবর (সোমবার) রাতে পুলিশ প্রশাসন তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করে। ঘটনাটি নিয়ে তদন্তও শুরু হয়েছে।
সম্প্রতি একটি মামলার তদন্তে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে যান এএসআই ইলিয়াস। সেখানে উপস্থিত লোকজনের সামনে তাকে ঘুষ গ্রহণ নিয়ে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। এক ব্যক্তি তার বক্তব্য মোবাইল ফোনে ধারণ করলে ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ইলিয়াসকে বলতে শোনা যায়, তিনি ঘুষের টাকা দিয়ে পুলিশের পোশাক পরেছেন এবং ঘুষ খাওয়ার জন্যই পুলিশে এসেছেন।
এদিকে স্থানীয়ভাবে তার বিরুদ্ধে অনিয়ম, চাঁদাবাজি ও প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। সহকারী পুলিশ সুপার মো. মাফিউর রহমান জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

