বর্তমান সংবিধানের অধীনে এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই: এটিএম মাসুম

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেছেন, বর্তমান সংবিধানের অধীনে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তিনি অভিযোগ করে বলেন, সরকারের গত ৭ মাসের কার্যকলাপে জনগণের মধ্যে উৎকণ্ঠা শুরু হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নে সংস্কার পরিষদে শপথ না নিয়ে তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের একটি স্থানীয় মিলনায়তনে চাঁদপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ ও জেলা মজলিশে শুরার সদস্য নির্বাচন উপলক্ষে আয়োজিত বিশেষ রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা এ টি এম মাসুম আরও বলেন, আওয়ামী লীগের গঠনতন্ত্রের আদলে দেশ পরিচালনা করার কারণে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে এবং এই সংবিধানে এখনও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রাখা হয়েছে। বর্তমান সরকারের শাসনামলে চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে এবং খুন-রাহাজানির ঘটনা বেড়ে যাওয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচার বিভাগকে দলীয়করণ এবং নির্বাচন কমিশন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে অভিযোগ করে তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার। অনুষ্ঠান শেষে রুকনগণের সরাসরি ভোটে জেলা মজলিশে শুরার নতুন সদস্যরা নির্বাচিত হন।

সর্বশেষ নিউজ