কুয়াকাটায় ভ্যান উল্টে নারী চিকিৎসকের মৃত্যু, আহত ১

পটুয়াখালী প্রতিনিধি
spot_img
spot_img

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত ভ্যান উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও আরেক চিকিৎসক মাইনুল ইসলাম শুভ গুরুতর আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটায় ভ্রমণে এসে শনিবার বিকেলে ভ্যানযোগে মিশ্রিপাড়া বৌদ্ধবিহারে যাচ্ছিলেন এই চিকিৎসক দম্পতি। পথে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত নাবিলা নুসরাত ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন এবং ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ নিউজ