বুড়িগঙ্গার তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য সরাতে হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

বুড়িগঙ্গা নদীর পানি দূষণ রোধে রাজধানীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে সব ধরনের প্লাস্টিক বর্জ্য সম্পূর্ণ অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ভবিষ্যতে নদীর তীরে কেউ যেন কোনো ধরনের প্লাস্টিক বা ক্ষতিকর বর্জ্য ফেলতে না পারে, সে বিষয়ে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রিট আবেদনকারী মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, যাকে সহযোগিতা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।

শুনানিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পক্ষ থেকে ইসলামবাগ এলাকার তীর থেকে প্রায় ৩০০ টন বর্জ্য অপসারণের একটি প্রতিবেদন দাখিল করা হয়। তবে ওই প্রতিবেদনে সব প্লাস্টিক বর্জ্য পুরোপুরি অপসারণ এবং ভবিষ্যতে বর্জ্য ফেলা বন্ধে সুনির্দিষ্ট কোনো কর্মপন্থা বা কার্যকর পদক্ষেপের কথা উল্লেখ না থাকায় প্রতিবেদনটি গ্রহণ না করে নথিভুক্ত করার আদেশ দেন আদালত।

উল্লেখ্য, বুড়িগঙ্গা নদীর পানি দূষণ ও পরিবেশ রক্ষায় এইচআরপিবির করা একটি রিট মামলার ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর আদালত ইসলামবাগ এলাকায় নদীর তীরে জমে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আজকের এই নতুন আদেশ দেন উচ্চ আদালত। মামলার বিবাদীদের মধ্যে রয়েছে নৌপরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনাডিসহ সংশ্লিষ্ট ১৩ জন কর্তৃপক্ষ।

সর্বশেষ নিউজ