দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর ফেলো নির্বাচিত হলেন বুয়েটের অধ্যাপক ড. আখতার হোসেন

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞানচর্চার অগ্রগতি ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর ফেলো নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আখতার হোসেন।

রোববার (৮ নভেম্বর ২০২৬) বুয়েটের তথ্য ও প্রকাশনা শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাঁর এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ নভেম্বর TWAS-এর প্রেসিডেন্ট অধ্যাপক কোয়ারাইশা আবদুল করিম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ড. আখতার হোসেনকে এই আন্তর্জাতিক সম্মানের বিষয়ে জানানো হয়। নবনির্বাচিত ফেলো হিসেবে আগামী TWAS সাধারণ সম্মেলনে তাঁর আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ড. আখতার হোসেন তিন দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় যুক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে স্নাতকোত্তর শেষ করার পর ১৯৯৮ সালে যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ থেকে পিএইচডি অর্জন করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা করেন।

১৯৯৪ সালে বুয়েটের পদার্থবিজ্ঞান বিভাগে যোগদানকারী এই বিজ্ঞানী ২০০৮ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বর্তমানে তিনি বিভাগীয় দায়িত্বের পাশাপাশি বুয়েটের স্নাতকোত্তর শিক্ষা অনুষদের সহযোগী ডিন হিসেবে কর্মরত আছেন। কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান (Solid State Physics) ও উন্নত কার্যকরী পদার্থের বৈশিষ্ট্য অনুসন্ধানে তাঁর আন্তর্জাতিক মানের বহু গবেষণা ও প্রকাশনা রয়েছে। তাঁর তত্ত্বাবধানে এ পর্যন্ত ১৪টি পিএইচডি, ৪৪টি এমফিল ও ২২টি এমএসসি ডিগ্রি সম্পন্ন হয়েছে।

অধ্যাপক ড. আখতার হোসেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস (BAS) এবং বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটিরও (BPS) ফেলো। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই গৌরবময় স্বীকৃতি বুয়েট তথা বাংলাদেশের সমগ্র বৈজ্ঞানিক ও শিক্ষাঙ্গনের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।

সর্বশেষ নিউজ