বাংলাদেশে আগামী পাঁচ থেকে সাত বছরের উন্নয়ন সহযোগিতার নতুন রূপরেখায় তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছে বিশ্বব্যাংক গ্রুপ। বেসরকারি খাতের বিকাশ, বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সংস্কার ও নতুন কর্মসংস্থানের পথ সুগম করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশ্বব্যাংকের ২০২৭-২০৩৩ অর্থবছর মেয়াদি নতুন ‘কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (সিপিএফ)’ প্রণয়নের কাজ চলছে। সংস্থাটির বাংলাদেশ ও ভুটান বিষয়ক কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে রোববার (৮ নভেম্বর ২০২৬) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। নতুন এ কাঠামোর অধীনে বিশ্বব্যাংক গ্রুপের প্রধান তিনটি প্রতিষ্ঠান—আইডিএ, আইএফসি এবং মিগা (MIGA)-র সার্বিক কার্যক্রম পরিচালিত হবে।
বিশ্বব্যাংক জানায়, গত এক দশকে ১ কোটি ৪০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ৮৭ লাখের। পাশাপাশি নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ২০২২ সালের ৪২.৮ শতাংশ থেকে কমে ২০২৪ সালে ৩৮.৪ শতাংশে নেমে এসেছে।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জ্যঁ পেসমে বলেন, ‘বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিই এখন সবচেয়ে বড় উন্নয়ন অগ্রাধিকার। তরুণ ও নারীদের জন্য নতুন ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করতে রূপরেখা তৈরি করা হচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি খাত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শিক্ষক-গবেষক এবং নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে চূড়ান্ত কৌশলপত্র প্রস্তুত হবে।’
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, খসড়া সিপিএফ চূড়ান্ত হলে তাতে বর্তমান সরকারের অগ্রাধিকারের প্রতিচ্ছবি নিশ্চিত করে অনুমোদন দেওয়া হবে। বর্তমানে বাংলাদেশে বিশ্বব্যাংকের ৩৭টি প্রকল্পে ১ হাজার ১২০ কোটি ডলারের সহায়তা চলমান রয়েছে।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি জানান, মৌলিক নীতিগত বিষয়ে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের চিন্তাধারায় কোনো বড় পার্থক্য নেই এবং যৌথ আলোচনার মাধ্যমে চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হবে।

