ময়মনসিংহে ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ দুর্বৃত্তদের আগুন: জড়াচ্ছদের গ্রেপ্তারের দাবিতে সাবেক বৈষম্যবিরোধী নেতাদের আমরণ অনশন

ময়মনসিংহ প্রতিবেদক
spot_img
spot_img

ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত ‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে চত্বরের স্মৃতিফলকটি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চত্বরের নিচেই আমরণ অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন নেতা।

রোববার (৮ নভেম্বর ২০২৬) রাত দেড়টার দিকে ক্যাপ ও মুখে মাস্ক পরা একদল ব্যক্তি চত্বরটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আগুন দেওয়ার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয়।

এ ঘটনার প্রতিবাদে অনশনে বসেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন।

অনশনস্থল থেকে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী এখনো এলাকা ছাড়েনি, তারাই মূলত এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয় জুলাই আন্দোলনের সহযোগীরা এখনো হুমকির মুখে রয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে রাত দেড়টার দিকে ছদ্মবেশী কিছু লোককে আগুন দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে নগরের মিন্টু কলেজ এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান শিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগর। পরবর্তীতে সাগরের স্মৃতি স্মরণে আন্দোলনকারীরা সারদা ঘোষ রোডের উক্ত স্থানটিকে ‘সাগর চত্বর’ নামকরণ করে সেখানে স্টিলের একটি স্মৃতিফলক স্থাপন করেন।

সর্বশেষ নিউজ