পরীমণির আচরণ পুরো শিল্পীসমাজের জন্য কলঙ্ক: রিনা খান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসদাচরণ ও গালিগালাজের ঘটনাকে পুরো শিল্পীসমাজের জন্য ‘কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন দেশের জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। মিডিয়ার মাধ্যমে পরিচিতি পাওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি শিল্পীদের আরও সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক এই বিতর্কিত ঘটনা নিয়ে নিজের এমন প্রতিক্রিয় ব্যক্ত করেন এই প্রবীণ অভিনেত্রী।

এর আগে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে এক সংবাদকর্মীর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। এ সময় তিনি সংবাদকর্মীকে প্রকাশ্যে গালমন্দ ও হুমকি দিলে আদালত চত্বরে তীব্র উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে।

পরীমণির এহেন আচরণের সমালোচনা করে রিনা খান বলেন, ‘রাগের বশবর্তী হয়ে অনেকে হয়তো গালাগালি করে, এটা আসলে উচিত না। মিডিয়ার মাধ্যমেই আমরা পরিচিত হই, আবার আমাদের দুর্নামও ছড়ায়। তাই এমন কোনো ব্যবহার করা উচিত নয়, যা পুরো শিল্পীদের ওপর বর্তায়।’

তিনি আরও বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি। আপনাদের কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে তা আলাদা ডেকে নিয়ে বলতে পারেন, কিন্তু এভাবে সবার সামনে গালাগালি করা গ্রহণযোগ্য নয়।’

সর্বশেষ নিউজ