লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের সদর উপজেলার চরচামিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনন্দ পরিবহনের ‘নাফিস এন্টারপ্রাইজ’ নামের যাত্রীবাহী বাসটি নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার সময় চালক মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীদের বারবার সতর্ক করা সত্ত্বেও চালক গতি না কমানওয়ায় চরচামিতা এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান। হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহত ১৫ জনের মধ্যে গুরুতর কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

