ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা কিংবা নৃতাত্ত্বিক পরিচয়ের কারণে বাংলাদেশের কোনো মানুষ যেন নিজেকে ক্ষুদ্র বা অবহেলিত মনে না করে—এমন একটি দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
তিনি বলেছেন, দেশের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব দিতে হবে। বৈচিত্র্যকে ধারণ করেই একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে ‘সাংস্কৃতিক বহুত্ববাদ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এ আলোচনা সভার আয়োজন করে।
উপাচার্য বলেন, সব ধরনের সংকীর্ণতার দেয়াল ভেঙে বুদ্ধিবৃত্তিক উদারতা ও মানবিক সেতুবন্ধন তৈরি করতে হবে। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস কেবল উচ্চশিক্ষা বিস্তারের ইতিহাস নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে এ ভূখণ্ডের মানুষের আত্মপরিচয়ের অনুসন্ধান ও গণতান্ত্রিক চেতনার উন্মেষের ইতিহাস।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানকে এমন মুক্ত পরিসর হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে ভিন্নমত ও ভিন্ন সংস্কৃতির চর্চা এবং পারস্পরিক সংলাপের সুযোগ থাকবে। সাংস্কৃতিক বহুত্ববাদ ও উন্নয়নবিষয়ক আলোচনায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারীর সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক ক্ষমতায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক ছিলেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক সম্প্রীতির এক ভূস্বর্গ। পুরো পৃথিবীতে সাংস্কৃতিক বহুত্ববাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, মাঝে মাঝে একটি স্বার্থান্বেষী মহল এই ভূস্বর্গটাকে উত্তপ্ত করতে চায়। এই দুষ্টচক্রটিকে আমাদের চিহ্নিত করতে হবে।
কাদের গনি চৌধুরী বলেন, হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও নৃগোষ্ঠীর মানুষের সহাবস্থান বাংলাদেশে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি গড়ে তুলেছে। ঈদ, দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা, বৈসাবি ও বড়দিনে সব ধর্মের মানুষ একে অপরের আনন্দে শামিল হন। আমরা সবাই এখানে একটি পরিবারের মতো বাস করি।
তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আমরা এই দেশকে স্বাধীন করেছি। ভাষা আন্দোলন, নব্বই কিংবা জুলাই গণঅভ্যুত্থানেও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে লড়াই করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংগীত ভুবনে লালন, রবীন্দ্র, নজরুল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মরমি, মুর্শিদি, মাইজভান্ডারি, কাওয়ালি ও বাউল গানের সহাবস্থান রয়েছে। বাউল দর্শন ও সুফিবাদের প্রভাব দেশের মানুষকে উদার এবং মানবতাবাদী হতে শিখিয়েছে। পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাট গম্বুজ মসজিদ, কান্তজীউ মন্দির ও আর্মেনীয় গির্জা প্রমাণ করে, প্রাচীনকাল থেকে এই ভূখণ্ডে নানা সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছে।
বাসসের প্রধান সম্পাদক বলেন, আমাদের মনে রাখতে হবে, একটি ভাষা হারিয়ে গেলে শুধু কিছু শব্দ হারায় না, হারিয়ে যায় একটি জনগোষ্ঠীর পৃথিবীকে দেখার নিজস্ব পদ্ধতি। একটি লোকগান বিলুপ্ত হলে শুধু একটি সুর হারায় না, হারিয়ে যায় একটি সমাজের আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
সাংস্কৃতিক বহুত্ববাদকে গুরুত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো যাতে মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া। এছাড়াও আলোচনায় অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের বাবু এবং মানবাধিকারকর্মী ও সংগঠক মেইনথিন প্রমীলা।

