ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ৫৯ হাজার রুপি

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠলেও বর্তমানে তা কমে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে দাঁড়িয়েছে। অর্থাৎ, রেকর্ড দরের তুলনায় প্রতি ১০ গ্রামে স্বর্ণের দাম কমেছে প্রায় ৫৯ হাজার রুপি। ভারতের সংবাদমাধ্যম লাইভ মিন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দরপতনের কারণ ও বাজার বিশ্লেষকদের পূর্বাভাস:

  • দরপতনের প্রধান কারণ: বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর মুদ্রানীতির ইঙ্গিত ও শক্তিশালী ডলারের চাপে স্বর্ণের বাজারে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। পাশাপাশি ভারতীয় রুপির মান বেড়ে যাওয়ায় আমদানি করা স্বর্ণের দাম কমেছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে দরপতনের ফলে বিনিয়োগকারীরা নগদ অর্থের জোগান বাড়াতে মূল্যবান ধাতুসহ বিভিন্ন খাত থেকে বিনিয়োগ প্রত্যাহার করছেন, যা বিক্রির চাপ আরও বাড়িয়েছে।

  • আন্তর্জাতিক বাজার ও ভবিষ্যৎ শঙ্কা: কোটাক নিওর কমোডিটি রিসার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট কায়নাত চেইনওয়ালা জানান, স্পট মার্কেটে স্বর্ণের দাম সাময়িকভাবে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন; পরে কিছুটা বেড়ে ৩ হাজার ৫৭০ ডলারে উঠলেও দিনের হিসাবে তা ১ দশমিক ৪ শতাংশ কম ছিল। বিশ্লেষকদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে ৩ হাজার ৩০০ ডলারে পৌঁছাতে পারে। সে ক্ষেত্রে ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ৫০০ রুপির কাছাকাছি নেমে আসতে পারে।

  • দাম ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা: ভারতের বাজারে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম শিগগিরই ১ লাখ রুপিতে নেমে যাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন সেবি নিবন্ধিত বাজার বিশ্লেষক অনুজ গুপ্ত। তাঁর মতে, ভারত ও আন্তর্জাতিক—উভয় বাজারেই স্বর্ণের দাম অতিরিক্ত বিক্রির পর্যায়ে থাকায় শিগগিরই দাম আবার ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ নিউজ