মজুরি বোর্ড অত্যন্ত আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। গার্মেন্টস খাতের সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে রাজনৈতিক উসকানি ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর অনুপ্রবেশ রয়েছে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও সহনশীলতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করছে।
রোববার সকালে রাজধানী সোনারগাঁও হোটেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘২য় বার্ষিক আন্তর্জাতিক ওএসএইচ গবেষণা সম্মেলন ২০২৬’ -এ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।
গার্মেন্টস সেক্টরের চলমান পরিস্থিতি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর সরকার একটি ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো ও অর্থনীতিকে মেরামতের কাজ শুরু করেছে। কিন্তু একই সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা এবং বাংলাদেশসহ প্রায় সব দেশেই জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের সংকট তৈরি হয়। এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার শ্রমবান্ধব নীতিমালাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে।
মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারের ঐতিহাসিক পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে দেশে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে- অর্থাৎ প্রতি পাঁচ বছর পর পর গার্মেন্টস খাতে মজুরি বৃদ্ধি করা হতো। কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে। মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা যত দ্রুত সম্ভব একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন এবং এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
তৈরি পোশাক খাতকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করে মাহ্দী আমিন বলেন, শ্রমিকদের ত্যাগ, ঘাম ও শ্রমের ফসল ‘মেড ইন বাংলাদেশ’ আজ সারাবিশ্বে দেশের প্রতিনিধিত্ব করছে। সরকার চায় দেশে আরও বেশি কলকারখানা গড়ে উঠুক এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হোক। শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হলেই দেশের ভাগ্য পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, সরকার এমন একটি স্বনির্ভর ও অগ্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা সুনিশ্চিত থাকবে।
দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই দেশ সবার, তাই দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্বও সবার। গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রার দায়িত্ব একসাথে বহন করতে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের কাছে শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার সুরক্ষা একটি ন্যায্য, সমতাভিত্তিক এবং সমৃদ্ধ সমাজ গঠনের রূপকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ প্রতিটি শ্রমিকের মৌলিক চাহিদা ও অধিকার। এই অধিকার সুরক্ষিত করা সরকার, মালিকপক্ষ এবং বৃহত্তর সমাজের একটি সম্মিলিত দায়িত্ব। সরকারের দায়িত্ব কেবল অধিক কর্মসংস্থান সৃষ্টি করা নয়, বরং শ্রমিকরা যেন একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারেন, তা নিশ্চিত করা।
সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা ও গঠনমূলক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ বাংলাদেশের জন্য একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে সহায়ক হবে।
দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তৈরি পোশাক, উৎপাদন শিল্প, নির্মাণ এবং বিভিন্ন সেবা খাত লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অসংখ্য পরিবারের ভাগ্য পরিবর্তন করেছে। যাঁদের কঠোর পরিশ্রমে এই অগ্রগতি অর্জিত হয়েছে, তাঁদের সেই অবদান ও উন্নয়নকে জাতীয় উন্নয়নের মূলধারার সাথে সম্পৃক্ত রাখার ওপর জোর দেন তিনি।
কেবল আইন ও নীতিমালা প্রণয়ন নয়, বরং মাঠপর্যায়ে সেগুলোর বাস্তবসম্মত ও টেকসই প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। একই সাথে জনসংখ্যার প্রায় অর্ধেক অংশ নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সরকারের কর্মপরিকল্পনার অন্যতম প্রধান অগ্রাধিকারমূলক ক্ষেত্র বলেও তিনি উল্লেখ করেন।
মাহ্দী আমিন বর্তমান সরকারের শ্রমবান্ধব অঙ্গীকারের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমজীবী মানুষের গুরুত্ব অনুধাবন করে আজকের তৈরি পোশাক শিল্পের মূল ভিত্তি স্থাপন করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রম আইন ও শ্রমিকদের কল্যাণকে এগিয়ে নেন। ২০০৬ সালে বিএনপি সরকারের আমলেই শ্রম আইন প্রণয়ন এবং ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে তিনি স্মরণ করেন।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই গৌরবোজ্জ্বল উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা, মর্যাদা ও অর্থনৈতিক সুরক্ষার ওপর সরকারের নতুন করে গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬’-এ। এটি পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার মানোন্নয়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ।
নীতিমালা বাস্তবায়নের কর্মপদ্ধতি প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, কেবল বৃহৎ প্রতিষ্ঠানই নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক ও পরিচালন সক্ষমতা বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে প্রতিরোধ, সচেতনতা, প্রশিক্ষণ এবং নিরবচ্ছিন্ন উন্নয়নের ওপর জোর দিতে হবে। নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে মালিকপক্ষকে উৎসাহ ও সহায়তা দেওয়ার পাশাপাশি শ্রমিকদেরও নিজস্ব স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় জ্ঞান ও আত্মবিশ্বাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কর্মপরিবেশের নিরাপত্তাকে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে আরও বাস্তবায়নযোগ্য, সাশ্রয়ী এবং প্রকৃত অর্থে টেকসই করে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে কোনো সংঘাত নয়, বরং পারস্পরিক অংশীদারিত্ব প্রয়োজন। সরকার, মালিকপক্ষ এবং শ্রমিকদের একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন, শিল্পের প্রবৃদ্ধি, ব্যবসার স্থায়িত্ব এবং শ্রমিকের কল্যাণকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে।
সম্প্রতি আয়োজিত এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বিগত বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন শ্রম নীতিমালায় আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স নিশ্চিত করতে সহায়তার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক অংশীদার এবং বন্ধুপ্রতিম দেশগুলোর নিরবচ্ছিন্ন সহযোগিতার প্রশংসা করেন। তিনি বলেন, বৈশ্বিক সেরা অনুশীলনগুলো থেকে প্রাপ্ত কারিগরি দক্ষতা, গবেষণা ও অভিজ্ঞতা বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য অত্যন্ত সহায়ক। দেশের নিজস্ব স্থানীয়, শিল্প ও অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়কে স্বাগত জানিয়ে তিনি এই মানকে আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
গবেষণাকে নীতিনির্ধারণে রূপান্তর করার বিশেষ গুরুত্বকে স্বাগত জানিয়ে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশের বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারে এমন গবেষণা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রয়োজন। বাংলাদেশ একটি অধিকতর বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এটি কেবল উৎপাদনশীলতার জন্যই নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও যৌথ বিনিয়োগ আকর্ষণের জন্যও জরুরি।
মাহ্দী আমিন বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি কেবল উৎপাদনের পরিমাণ দিয়ে নয়, বরং যাঁরা এগুলো উৎপাদন করছেন সেই মানুষগুলোকে কতটা সুরক্ষিত রাখা হচ্ছে তা দিয়েই পরিমাপ করা উচিত। প্রতিটি শ্রমিক যেন নিরাপত্তা ও মর্যাদা উপভোগ করেন, প্রতিটি প্রতিষ্ঠান টেকসইভাবে পরিচালিত হয় এবং প্রতিটি কর্মক্ষেত্র একটি সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা দেয়- এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে আরো বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, আয়োজক কমিটির আহ্বায়ক আব্দুর রহিম খান প্রমুখ।

