১২ মাসের বকেয়া বেতন, দৈনিক ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য আইনগত পাওনা মিলিয়ে ১০০ কোটি টাকার বেশি অর্থ পাবে জেনারেল ফার্মাসিউটিক্যালসের প্রায় পাঁচ হাজার সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী।
দীর্ঘদিন ধরে এসব পাওনা পরিশোধ না করায় চরম আর্থিক ও মানবিক সংকটে পড়েছেন তারা। একের পর এক প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন করছে না প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। চাকরি ছেড়ে দেওয়া, বরখাস্ত হওয়া এমনকি মৃত্যুবরণ করা কর্মীদের পরিবারও প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছে। পাওনা পরিশোধের জন্য লিখিত অঙ্গীকার করা হলেও তা বাস্তবায়ন হয়নি। এমনকি কয়েকজন কর্মীকে দেওয়া চেক ব্যাংকে জমা দিয়েও টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেনারেল ফার্মাসিউটিক্যালসের বৈষম্যের শিকার সাবেক ও বর্তমান কর্মীবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অবিলম্বে বকেয়া পাওনা পরিশোধ, মৃত কর্মীদের পরিবারের আর্থিক অধিকার নিশ্চিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অভিযোগ তদন্তের দাবি জানান ভুক্তভোগীরা।
মানববন্ধনে কর্মীদের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. অবিলম্বে ১২ মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।
২. কর্মীদের সব বকেয়া দৈনিক ভাতা ও অন্যান্য আর্থিক পাওনা পরিশোধ করতে হবে।
৩. প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দিতে হবে।
৪. মৃত্যুবরণ করা কর্মীদের পরিবারের প্রাপ্য পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।
৫. পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করা এবং নগদায়ন না হওয়া চেকের বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে।
৬. সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে অবিলম্বে বিষয়টি তদন্ত করে কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে দেওয়া লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, জেনারেল ফার্মাসিউটিক্যালসের কাছে দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন ধরনের আর্থিক পাওনা অনাদায়ী রয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাফিদুল হক বারবার পাওনা পরিশোধের আশ্বাস ও প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই। একাধিকবার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়নি। বর্তমানে বকেয়া বেতনসহ বিভিন্ন খাতে কর্মকর্তা-কর্মচারীদের পাওনার পরিমাণ ১০০ কোটি টাকার বেশি বলে দাবি করেন তারা। এমনকি পাওনা পরিশোধের জন্য কয়েকজন কর্মীকে চেক দেওয়া হলেও ব্যাংকে জমা দেওয়ার পর সেগুলো নগদায়ন হয়নি। এতে কর্মীদের ভোগান্তি ও অনিশ্চয়তা আরও বেড়েছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২০ আগস্ট আদাবর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যস্থতায় রাফিদুল হক লিখিত অঙ্গীকার করেছিলেন, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কর্মীদের সব পাওনা পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করা হয়নি। কর্মীদের অভিযোগ, লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরও পাওনা পরিশোধ না করে প্রশাসনিক উদ্যোগকে উপেক্ষা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, চাকরিজীবনে কর্মীদের দীর্ঘদিনের শ্রম ও ত্যাগের বিনিময়ে অর্জিত অর্থ পরিশোধ না করায় অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। কেউ বাধ্য হয়ে চাকরি ছেড়েছেন, আবার অনেককে বরখাস্ত করা হয়েছে। এভাবে প্রায় পাঁচ হাজার কর্মী প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হয়েছেন বলে তাদের দাবি। কিন্তু এখন পর্যন্ত কেউই তাদের প্রাপ্য পাওনা বুঝে পাননি। বেতন-ভাতা ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য আইনগত পাওনা আটকে থাকায় কর্মীদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও দুর্ভোগে পড়েছেন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হিসেবে কর্মীরা উল্লেখ করেন, প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় কিংবা চাকরিজীবন শেষে কোনো কর্মীর মৃত্যু হলেও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে প্রাপ্য অর্থ পাচ্ছেন না। একজন কর্মীর মৃত্যুর পর তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং আইনগত পাওনা বুঝিয়ে দেওয়া প্রতিষ্ঠানের নৈতিক ও মানবিক দায়িত্ব। কিন্তু বছরের পর বছর সেই দায়িত্ব পালনে অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ফলে মৃত কর্মীদের পরিবারও আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
এদিকে, কর্মীদের দাবি, এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কলকারখানা দপ্তরসহ দায়িত্বশীল কর্তৃপক্ষের নীরবতা ও কার্যকর পদক্ষেপের অভাব তাদের হতাশ করেছে। শ্রমিক আদালতে রাফিদুল হকের বিরুদ্ধে প্রায় ৭৫০টি মামলা রয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। তবে এতগুলো মামলা থাকার পরও কর্মীদের পাওনা আদায়ে কার্যকর সমাধান না আসায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিযোগকারীদের দাবি, অর্থের বিনিময়ে বিভিন্ন বিষয় ম্যানেজ করে নেওয়া হচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কর্মীদের পাওনা আদায়ের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, তারা কারও দয়া বা অনুগ্রহ চান না; দীর্ঘদিনের শ্রম, ত্যাগ ও কর্মের বিনিময়ে অর্জিত নিজেদের ন্যায্য পাওনা চান। বেতন, ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি কোনো অনুদান নয়, এগুলো কর্মীদের আইনগত ও ন্যায্য অধিকার। তাই আর কোনো আশ্বাস বা সময়ক্ষেপণ না করে অবিলম্বে সব পাওনা পরিশোধের জন্য জেনারেল ফার্মাসিউটিক্যালসের মালিক রাফিদুল হকের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, অবিলম্বে তাদের ছয় দফা দাবি মেনে নিয়ে কর্মীদের ও তাদের পরিবারের মানবিক সংকট নিরসন করতে হবে। অন্যথায় তারা আরও কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন। পরবর্তী সময়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে পাওনা আদায়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে জেনারেল ফার্মাসিউটিক্যালসের প্রায় ২০০ জন ভুক্তভোগী সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ গিয়াস উদ্দিন (প্রধান সমন্বয়ক), এরিয়া ম্যানেজার মোহাম্মদ শাহ আলম (সমন্বয়ক), সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন (সভাপতি) এবং আরএসএম ফজলুর রহমান (সদস্য সচিব)।

