শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না-শিক্ষা সচিব

হুমায়ুন কবির
spot_img
spot_img

সরকার শিক্ষকদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে কাজ করছে। বিনিময়ে শিক্ষকদের কাছ থেকে একজন অধ্যক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের মতো দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে সরকার।

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পে-স্কেল বাস্তবায়নের কাজ শেষ হওয়ার আগেই জাতীয়করণ ও বদলির দাবিতে শিক্ষকদের রাস্তায় নামা আমাদের কষ্ট দেয়। জাতীয়করণ করতে হলে সরকারের আর্থিক সক্ষমতা ও নীতিগত সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয় বিবেচনা করতে হয়।
শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টার দিকে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা সচিব বলেন, সম্প্রতি কলেজ পরিদর্শনে গিয়ে নিরাশার মধ্যে আশার আলো দেখেছি। এমন একটি কলেজ পেয়েছি, যেখানে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আমরা ওই কলেজের অধ্যক্ষকে সশ্রদ্ধ সালাম জানাই। তাঁর এ উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় হতে পারে।
তিনি বলেন, আজকের অনুষ্ঠানে অধ্যক্ষদের ডেকে আনার উদ্দেশ্য একটাই—গত নয় মাসে আপনারা যে কাজ করেছেন, তার স্বীকৃতি দেওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা গ্রহণের সুযোগ করে দেওয়া। একজন অধ্যক্ষ হিসেবে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানকে সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করবেন। প্রতিষ্ঠানের আঙিনায় সুন্দর বাগান গড়ে তুলবেন। অতীতে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বাগান দেখা যেত। এখন সেসব বাগান আর দেখা যায় না। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও সৌন্দর্য ও শৃঙ্খলার দৃষ্টান্ত হয়ে উঠুক।
আবদুল খালেক বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বাজেট, কম্পিউটার, ল্যাপটপ ও নতুন বই দেওয়া হয়েছে। গত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি অত্যন্ত কঠিন কাজ ছিল।
জাতীয়করণ ও বদলি নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, পে-স্কেল বাস্তবায়নের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। এরই মধ্যে আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমেছেন। জাতীয়করণ সরকার করবে, যখন এর প্রয়োজনীয়তা তৈরি হবে। এ ক্ষেত্রে সরকারের অর্থের প্রয়োজন, নীতিনির্ধারণী সিদ্ধান্তের প্রয়োজন। একইভাবে বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেটি নিয়েও আপনারা রাস্তায় নেমেছেন। বিষয়টি আমাদের কষ্ট দেয়।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিক্ষা সচিব বলেন, গত নয় মাসে সরকারের কর্মকাণ্ডই প্রমাণ করে, তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। এ সরকার দায়িত্ব নেওয়ার পর বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে চার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। শিশু ও মেয়েদের সহায়তাসহ বিভিন্ন খাতেও বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের প্রতি আস্থা তৈরি হয়েছে। গত সপ্তাহে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল এসেছিল। গত নয় মাসের কাজ পর্যালোচনা করে তারা সন্তোষ প্রকাশ করেছে। তারা বাংলাদেশ ব্যাংকে ১০ কোটি টাকা ছাড় করেছে এবং ৪০০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প গ্রহণ করেছে। এটি সরকারের কাজের প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থার প্রতিফলন।
অধ্যক্ষদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুল খালেক বলেন, এখানে উপস্থিত অধ্যক্ষদের সংখ্যা হয়তো আড়াই হাজার থেকে তিন হাজার। কিন্তু আপনারা দেশের কলেজগুলোর নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের নেতৃত্বে রয়েছেন প্রায় এক লাখ শিক্ষক। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে সাড়ে তিন লাখ শিক্ষক রয়েছেন। শিক্ষা সচিব হিসেবে আমাকে সবার কথা চিন্তা করতে হয়, সবার মধ্যে সমন্বয় করতে হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে জবাবদিহি করতে হয়।
তিনি বলেন, আমাদের বার্তা পরিষ্কার—আমরা আপনাদের প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা দিতে চাই। বিনিময়ে আপনাদের কাছ থেকেও একজন অধ্যক্ষ, একজন শিক্ষক ও একজন শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের মতো আচরণ প্রত্যাশা করি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা যৌক্তিক দাবিতে আন্দোলন করেছেন। আমরা আপনাদের আন্দোলনের অধিকারকে সম্মান করি। কিন্তু আন্দোলনের নামে যে সহিংসতা হয়েছে, তাতে আমরা দুঃখ পেয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সহিংসতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
নিজের দায়িত্বের কথা উল্লেখ করে শিক্ষা সচিব বলেন, আপনাদের সঙ্গে সমন্বয় করার দায়িত্ব আমার। আপনাদের দাবি নিয়ে আলোচনা করতে হয়েছে। অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়েছে। রাত দুইটা পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলেছি। আপনাদের যৌক্তিক দাবিগুলো শুনেছি এবং সেগুলো সমাধানের চেষ্টা করেছি। তাই সবার প্রতি অনুরোধ, দায়িত্বশীল আচরণ করুন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখুন। সরকার আপনাদের জন্য কাজ করছে, আপনাদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
//হুমায়ুন কবির //

সর্বশেষ নিউজ