দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ৩ দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ রোববার (৭ জুন) সকালে তিনি মস্কোর উদ্দেশে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের তথ্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এই গুরুত্বপূর্ণ সফরে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফর শেষে আগামী ৯ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মস্কো অবস্থানকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন খলিলুর রহমান। মূলত ঢাকা-মস্কোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার এটিই প্রথম রাশিয়া সফর।

এর আগে, গত বৃহস্পতিবার (৪ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রেক্ষাপটে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে এই সফরে আলোচনা হবে।

রাশিয়ার পক্ষ থেকে খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ এবং বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ রক্ষা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জাতিসংঘের সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ইস্যুতে সমন্বয়মূলক ভূমিকা জোরদারে তার উদ্যোগকে স্বাগত জানিয়েছে মস্কো।

সর্বশেষ নিউজ