এশিয়ান গেমসের ব্যাডমিন্টন পুরুষ দ্বৈত বিভাগে কাজাখস্তানকে সরাসরি দুই গেমে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের গৌরব সিংহ ও আয়মান ইবনে জামান।
২৬ সেপ্টেম্বর (শনিবার) ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমনেশিয়ামের কোর্ট-২-তে কাজাখস্তানের আরতুর নিয়াজভ ও খাইতমুরাত কুলমাতভ জুটির বিপক্ষে খেলেন বাংলাদেশের এই জুটি।
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন গৌরব ও আয়মান। প্রথম গেমে প্রতিপক্ষকে ২১-৮ ব্যবধানে হারিয়ে এগিয়ে যান তারা। দ্বিতীয় গেমেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২১-১২ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
এতে সরাসরি ২-০ গেমে কাজাখস্তানকে হারিয়ে রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেয় বাংলাদেশ।
এবারই প্রথম এশিয়ান গেমসের ব্যাডমিন্টন ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথমবারের অংশগ্রহণেই শেষ ষোলো নিশ্চিত করলেন লাল-সবুজের শাটলাররা।

