তৃপ্তি দিমরি। এই মুহূর্তে বলা হচ্ছে, তিনি ‘ন্যাশনাল ক্রাশ’। আরেক ভারতীয় ক্রাশ রাশমিকা মান্দানা ‘অ্যানিম্যাল’ ছবিতে থাকলেও স্বল্প সময়েই সবার নজর কাড়েন তৃপ্তি।
এর আগে ‘লায়লা মজনু’, ‘কালা’, ‘বুলবুল’-এও মুগ্ধ করেছিলেন অভিনেত্রী। কিন্তু ‘অ্যানিম্যাল’ ছবিতে তাঁর স্বল্প উপস্থিতিই যেন আগুন ধরিয়েছে বহু যুবকের হৃদয়ে। রণবীর কাপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার দৃশ্য ঘিরে শোরগোল। কিন্তু এই দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া ছিল নায়িকার মা-বাবার? সেকথা এক সাক্ষাৎকারে জানিয়েছেন তৃপ্তি।
ছবির একটি দৃশ্যে রণবীরের সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করতে হয়েছিল তাঁকে। ভারতের এক বিনোদনমূলক ওয়েবসাইটের ছবিটি নিয়ে পারিবারিক ‘রিভিউ’ তুলে ধরেছেন তৃপ্তি। জানিয়েছেন, এমন দৃশ্যে মেয়েকে দেখে চমকে উঠেছিলেন তাঁর অভিভাবকরা।
অভিনেত্রীর কথায়, ‘‘আমার মা-বাবা কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। তাঁরা বলেছেন, ‘আমরা এমন কিছু কোনো সিনেমায় কখনও দেখিনি। আর তুমি সেটাই করেছ!’ দৃশ্যটির ধাক্কা সামলাতে তাঁদের সময় লেগেছিল। তবে তাঁরা এটা মেনেও নিয়েছেন। কিন্তু জানিয়েছেন, অভিভাবক হিসেবে কেমন প্রতিক্রিয়া তাঁদের হয়েছে।”
তবে এমন কথায় কী জবাব দিয়েছিলেন তৃপ্তি? বললেন, ‘আমি ওঁদের বলেছি, আমি কোনো অন্যায় করিনি। এটা আমার কাজ। আর আমি সেটা নিরাপদ ও আরামদায়কভাবেই করেছি। আমার এতে কোনো সমস্যাই হয়নি। আমি একজন অভিনেত্রী এবং নিজের চরিত্রের প্রতি একশ শতাংশ সৎ থেকে কাজটা করেছি।’’
তৃপ্তি মনে করেন ‘বুলবুল’ ছবির ধর্ষণের দৃশ্যে অভিনয় করার থেকে অ্যানিম্যালের দৃশ্যে অভিনয় করা সহজ ছিল।
প্রশংসা করেন রণবীরের সংবেদনশীলতা নিয়েও। তৃপ্তির ভাষায়, ‘শুটিং করার সময়, ঘরে শুধু রণবীর, আমি, পরিচালক আর ক্যামেরাম্যানই ছিলাম। বারবারই রণবীর আমার কাছে জানতে চেয়েছিল, আমি ঠিক আছি কিনা।’
১ ডিসেম্বর মুক্তি পেয়েছে অ্যানিম্যাল। বক্স অফিসে তরতরিয়ে ব্যবসা বাড়ছে এই ছবির। পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে এটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বর্তমানে এটি বাংলাদেশের সিনেমা হলেও চলছে। ছবিতে রণবীর কাপুরের জুটি রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও রয়েছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

