কিছুদিন আগেই শেষ হয়েছে রমজান মাস।পুরো রমজান মাস জূড়ে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম ছিল মানুষের নাগালের মধ্যেই। সরকারের বিশেষ মনিটরিং ব্যাবস্থার কারণে পুরো রমজান জুড়ে মানুষের মনে ছিল স্বস্তি।অত ঈদ পার হওয়ার পর পরই ভরা মৌসুমে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হয়েছে। ৩০-৩৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়।রমজানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলেও দুই সপ্তাহ যেতে না যেতে হঠাৎ কেন এর দাম কেজিপ্রতি দ্বিগুণ বাড়ল, সে বিষয়ে তথ্যানুসন্ধানে জানা যায় গুরুত্বপূর্ণ তথ্য।
বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ কিনেন, তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত শুরু করেছেন। চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমাদানি বন্ধের অজুহাত সামনে এনে বাজারে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।
চক্রটি মূলত সরকারকে এ বার্তা দিতে চায়,যে ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয়। আর এই চক্রান্তের অংশ হিসাবে তারা দেশে উৎপাদিত পেঁয়াজের অবৈধ মজুত শুরু করে।
রমজানের পর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে এখন পেঁয়াজের দামদ্বিগুণ করে ফেলেছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে-এই সিন্ডিকেট ২-৩ মাসের মধ্যে দেশি পেঁয়াজ এর দাম একশ টাকার ওপরে ওঠাতে সচেষ্ট আছে। সুতরাং তারা এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে।
এমন বাস্তবতায় পেঁয়াজের বাজার রমজানের মতো সহনীয় রাখতে বেশকিছু পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকরা।অন্তর্বর্তী সরকার যেভাবে রমজানে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে, সেই ফরমুলা অন্য সময়ের জন্য প্রয়োগ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সরকারকে জনগণের কাছে শত্রু বানাতে কারা কাজ করে যাচ্ছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের শনাক্ত করা জরুরি।
এদিকে আবারও সবজির দামে বেড়েছে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবজির দামেও উত্তাপ ছড়াচ্ছে বিক্রেতারা। এদিকে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার পুরোনো কৌশল নিয়েছে তারা। কিছু কিছু সবজির দাম ৮০ টাকায় গিয়ে ঠেকেছে। কোনো কোনো সবজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে অর্থাৎ রমজানে তারা প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনেছেন ৩০-৩৫ টাকা দরে। ঈদের পর তা ৪০ টাকা এবং পরে সর্বোচ্চ ৫০ টাকায় কেনেন। বৃহস্পতিবার কেজিপ্রতি ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়। আর শুক্রবার ছুটির দিন সেই পেঁয়াজ সর্বোচ্চ ৬৫-৭০ টাকায় বিক্রির তথ্য মিলেছে।রাজধানীর পাইকারি আড়ত কাওরান বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ৪০-৪৫ টাকা। রোজায় বিক্রি হয়েছিল প্রতি কেজি ২৫-৩০ টাকা।
বাজারে পাইকারি বিক্রেতা মো. মকবুল বলেন, সেই পুরোনো সিন্ডিকেট ড. মুহাম্মদ ইউনূস সরকারকে বেকায়দায় ফেলতে মাথা চাড়া দিয়ে উঠেছে। ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতকে পুঁজি করে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু করেছে।জুলাইয়ে কেজিপ্রতি বর্তমান দামেরও দ্বিগুণ করার ছক কষছে তারা। এরই অংশ হিসাবে চক্রটি ভরা মৌসুমের পেঁয়াজ অবৈধভাবে মজুত করে রাখছে বলে জানা গেছে।
দেশীয় ‘হালি’ পেঁয়াজ থেকে দেশের চাহিদার বড় একটি অংশ মেটানো হয়। জানুয়ারি পর্যন্ত এ পেঁয়াজ আবাদ হয়। মাঠ থেকে তুলে বাজারে আসতে মার্চ-এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়ায়। সে হিসাবে পেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। অথচ এর মধ্যে দাম দিনদিন বাড়ানো হচ্ছে। এতে পাইকারি বিক্রেতারা বাড়তি দাম দিয়ে এনে বাড়তি দামে বিক্রি করছে বলে জানান তিনি। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
এদিকে রাজধানীর খুচরা বাজারে একাধিক সবজি ৬০ টাকা কেজি দরে বিক্রি হলেও কিছু সবজির দাম ৮০ টাকায় গিয়ে ঠেকেছে। সঙ্গে একাধিক সবজির দাম ১০০ টাকার ওপরে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, খুচরা বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৭০ টাকা, মুলার কেজি ৬০, শসা ৮০, কাঁকরোল ১২০-১৪০, করলা ৬০, টমেটো ৪০ এবং মিষ্টিকুমড়া ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
পাশাপাশি প্রতি কেজি ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ৭০, ধুন্দুল ১০০, ঝিঙা ১০০, গোল বেগুন ১০০, লম্বা বেগুন ৮০, পটল ৭০, কচুর লতি ৮০, বরবটি ৮০, চিচিঙ্গা ৭০, কাঁচা মরিচ ১০০ এবং পেঁপে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গে প্রতি পিস লাউ ৬০, কাঁচা কলা প্রতি হালি ৪০, লেবু মানভেদে প্রতি হালি ২০-৩০, আলুর কেজি ৩৫-৪০ এবং গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকা।
মালিবাগ কাঁচাবাজারে ছুটির দিন নিত্যপণ্য কিনতে আসা মো.শাহেদ বলেন, বাজারে ফের অস্থিরতা শুরু হয়েছে। রোজা ও ঈদে বাজারে একপ্রকার স্বস্তি ছিল। হঠাৎই অসাধুরা পণ্যের দাম বাড়িয়ে নাজেহাল করে ফেলছে। যে পেঁয়াজ ৩০-৩৫ টাকায় কিনতাম, এখন ৬৫ টাকায় কিনেছি।
এদিকে সাধারণ জনগণের মধ্যে দাম বৃদ্ধি নিয়ে শংকা তৈরি হয়েছে।সাধারণ মানুষের সরকারের কাছে চাওয়া, তারা যেমন করে রোজা ও ঈদে বাজার তদারকি করে নিয়ন্ত্রণে রেখেছিল, এখনো একইভাবে নিয়ন্ত্রণে রাখার কাজটি অব্যাহত রাখুক। এতে আমাদের মতো ভোক্তারা একটু হলেও স্বস্তিতে থাকবে। কারণ, সবাই ইউনূস সরকারের প্রতি আস্থা রেখেছে। তার আমলে যদি পণ্যের সিন্ডিকেটদের না ধরতে পারে, তাহলে সরকারের ব্যর্থতা প্রমাণিত হবে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, পণ্যের বাজার এখন কে বা কারা নিয়ন্ত্রণ করছে, সরকারের কাছে সে তথ্য থাকার কথা। যারা হঠাৎ করে পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে প্রকাশ্যে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। কারণ, রোজা ও ঈদের বাজারে যে পরিমাণে স্বস্তি বিরাজ করেছে, তা সব মহলে আলোচনা হয়েছে। এ স্বস্তি ধরে রাখতে অন্তর্বর্তী সরকারকেই তৎপর হতে হবে। এতে ক্রেতাসাধারণ উপকৃত হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, পেঁয়াজের দাম কারা বাড়িয়েছে, তা চিহ্নিত করতে তিন স্তরে তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

