বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মোস্তফা খান সফরী বলেছেন, শ্রমিকদের অধিকার আদায়ে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর জন্য তিনি বোর্ড গঠন করেন। তিনিই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ধস্ব স্ব বিভাগের শ্রমিকদের দাবি আদায়ের জন্য সংগঠন গড়ার পর তা রেজিস্ট্রেশন করার প্রথা চালু করেন। যা বর্তমানে সিবিএ নাম্বার হিসেবে ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন পেশার শ্রমিকদের আয়োজনে চাঁদপুরের স্থানীয় সফরমালি উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সফরী বলেন, শ্রম আদালতসহ শ্রমিকদের সকল অধিকার আদায়ে বিএনপি যখন সরকারে এসেছে দেশে কাজ করেছেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া দেশের দায়িত্ব নিয়ে আহত, পঙ্গু, অসুস্থ এবং অসহায় শ্রমিকদের সহযোগিতার জন্য শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন।
সফরী মে দিবসের আলোচনার শুরুতেই দিবসটির তাৎপর্য তুলে ধরে স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। নেতৃত্বের কারণে প্রতিযোগিতা থাকবে। কিন্তু প্রতিহিংসা নয়। আমাদের মনে রাখতে হবে আমরা একটি পরিবার। কিন্তু দলের প্রতীক ধানের শীষের বিষয়ে কোনো আপস নেই। যাকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হবে আমরা ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো। এবিষয়ে কোনো আপস নেই।
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান। জিয়াউর রহমানের আদর্শকে লালন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান মোস্তফা খান সফরী।
জেলা শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক কামরুজ্জামান হাছানাতের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি সরোয়ার হোসেন গাজী, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বেপারী, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, ঢাকা বারের আইনজীবী অ্যাডঃ মুজিবুর রহমান বাবলু, জেলা যুবদলের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আবু আহমেদ, সাবেক যুবনেতা আকাশ খান জিতু, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোহাম্মদ আলী সজন, সাবেক ছাত্রনেতা শহীদ চৌধুরী।
এছাড়াও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, আঃ কাদের খান, ইউসুফ তালুকদার জিয়াউর রহমান সোহেল,হুমায়ুন প্রধানিয়া, মনির তালুকদার, শুকুর গাজী, রাসেল আহমেদ জনি প্রমুখ।

