রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে আজ বুধবার বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর সোয়া একটার দিকে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে ইসি ভবনের সামনের ফটকে বসে পড়ে তারা।
ইসি পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে এ কর্মসূচি পালন করছে দলটি। এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা এ বিক্ষোভের আয়োজন করে।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগান দেন:
ইসি তুই দলকানা, ইসি তুই চলে যা ,ফ্যাসিবাদের কমিশন, মানি না মানব না খুনি হাসিনার কমিশন, মানি না মানব না।
বেলা ১১টার পর থেকেই নেতাকর্মীরা ধীরে ধীরে আগারগাঁওয়ের ইসি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে মূল কর্মসূচি শুরু হয়।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন বন্ধ থাকায় নাগরিক সেবা ভেঙে পড়েছে। সরকারি দপ্তরগুলো একটি রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, যা প্রশাসনিকভাবে বিপজ্জনক।
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অচলাবস্থা এর বড় উদাহরণ। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে আপিল করা, কিন্তু তারা রহস্যজনকভাবে মামলার বিবাদী হয়েও আপিল না করে গেজেট প্রকাশ করেছে।
সারোয়ার তুষারের অভিযোগ, এই ইসি আর কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়। তারা এখন একটি রাজনৈতিক শক্তির হাতিয়ার।

