সাবানের বিজ্ঞাপনে তামান্না, কিন্তু কর্নাটকে ঝড়!

বিনোদন ডেস্ক
spot_img
spot_img

তামান্না ভাটিয়াকে সাবান ব্র্যান্ডের মুখ করায় কর্নাটকে তুমুল বিক্ষোভ, সরকারের ব্যাখ্যা

দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে কর্নাটকের জনপ্রিয় সরকারি সাবান ব্র্যান্ড ‘মাইসোর স্যান্ডেল’-এর বিজ্ঞাপনী দূত হিসেবে নিয়োগ দেওয়ায় রাজ্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও জনরোষ। ভাষা ও সংস্কৃতির ইস্যুতে আগেই উত্তপ্ত থাকা কর্নাটকে এবার নতুন করে চাপে পড়েছে সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন রাজ্য সরকার।

সম্প্রতি, মাইসোর স্যান্ডেল সংস্থার সঙ্গে প্রায় ৬.২০ কোটি রুপির একটি দুই বছরের চুক্তিতে যুক্ত হয়েছেন তামান্না। সরকার বলছে, জাতীয় পর্যায়ে ব্র্যান্ডটির প্রসারে তাকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু কর্নাটকের অনেকেই এ সিদ্ধান্তে ক্ষুব্ধ। তাদের প্রশ্ন—কেন স্থানীয় কোনো কন্নড় অভিনেত্রীকে নয়, বরং দক্ষিণী তামিল-তেলুগু অভিনেত্রীকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হলো?

সোশ্যাল মিডিয়ায় একাংশ প্রতিবাদ জানিয়ে কন্নড় তারকা রুক্মিণী বসন্তের নাম প্রস্তাব করছেন বিকল্প হিসেবে। ভাষা ও সংস্কৃতির মর্যাদার প্রশ্নে বিষয়টি বেশিরভাগ কর্নাটকবাসীর হৃদয়ে নাড়া দিয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অবশেষে পরিস্থিতি সামাল দিতে মুখ খুলেছেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী এমবি পাতিল। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, “আমাদের কন্নড় চলচ্চিত্রের প্রতি গভীর শ্রদ্ধা আছে। তবে মাইসোর স্যান্ডেলের ব্যবসা এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যেই তামান্নাকে বেছে নেওয়া হয়েছে।”

পাতিল আরও বলেন, “কিছু কন্নড় সিনেমা এখন বলিউডকেও চ্যালেঞ্জ জানাচ্ছে, এটা আমাদের জন্য গর্বের। তবে ব্র্যান্ড যখন বড় স্কেলে এগোবে, তখন জনপ্রিয় মুখ প্রয়োজন।”

তবে সরকারপক্ষের এ ব্যাখ্যা বিক্ষুব্ধ জনতার ক্ষোভ কতটা প্রশমিত করতে পারবে, তা সময়ই বলে দেবে।

সর্বশেষ নিউজ