জার্মানির হামবুর্গের প্রধান রেল স্টেশনে ছুরিকাঘাতে ১৮ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক,
spot_img
spot_img

জার্মানির হামবুর্গ শহরের কেন্দ্রীয় রেল স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) এই ঘটনা ঘটে।

জার্মান গণমাধ্যম বিল্ড ও রয়টার্স জানিয়েছে, হামলায় গুরুতর আহত ১০ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩৯ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ওই নারী ঘটনাস্থলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। তবে এই হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ বলেন, বর্তমানে আমাদের হাতে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে হামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। তবে মানসিক সমস্যার সম্ভাবনা থাকায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) প্রতিক্রিয়া জানিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ বলেন, হামবুর্গের এই মর্মান্তিক ঘটনায় আহত ও তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।

স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

সর্বশেষ নিউজ