চলতি বছরে পবিত্র হজ পালনে সৌদি আরব গমনকারী বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত মোট ১১৩ জন হজযাত্রী চিকিৎসাসেবা নিয়েছেন। এদের মধ্যে ২৬ জন বর্তমানে সৌদি আরবের সরকারি হাসপাতালে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এই তথ্য নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল। রোববার প্রকাশিত বুলেটিনে জানানো হয়, সৌদি হাসপাতাল থেকে এখন পর্যন্ত দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২৪ হাজার ৫৬৪টি।
একইসঙ্গে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ থেকে ১৫৩টি ফ্লাইটে মোট ৫৯ হাজার ১০১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৯টি ফ্লাইটে গেছেন ২৯,৮৬৭ জন, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ফ্লাইটে গেছেন ২০,৬০৬ জন, ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে গেছেন ৮,৬২৮ জন।
সরকারি ব্যবস্থাপনায় গমন করেছেন ৪,৮৫৩ জন এবং বেসরকারিভাবে গেছেন ৫৪,৫১৮ জন হজযাত্রী।
এদিকে হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। মক্কায় মারা গেছেন চারজন এবং মদিনায় পাঁচজন।
বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল। ওই দিন ৩৯৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়। চলতি ধাপে ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজে যাচ্ছেন। হজ কার্যক্রমে ৭০টি হজ এজেন্সি অংশ নিচ্ছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

