পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার ঢাকায় প্রতি টুকরো লবণযুক্ত গরুর চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা।
রোববার (২৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চামড়ার দাম নির্ধারণে এবার পশুর আয়তন ও প্রতি বর্গফুটের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়েছে।
ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া: ৬০–৬৫ টাকা
ঢাকার বাইরে: ৫৫–৬০ টাকা
খাসির চামড়া: ২২–২৭ টাকা
বকরির চামড়া: ২০–২২ টাকা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, কোরবানির পর ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে হাট ব্যবস্থাপনায় কঠোর নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, “প্রতিবারই অনেক চামড়া নষ্ট হয়। এবার আমরা চাই গরিব-এতিমদের হক এই চামড়া যেন ন্যায্যমূল্যে বিক্রি হয়। এছাড়া চামড়া বিক্রির সময় ৫ শতাংশ ‘হাসিল’ আদায় নিয়ে আলোচনা হচ্ছে—যেটি অনেক বেশি। সেটা কমানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।”

