জামালপুরে উৎপাদক দলের প্রতিবন্ধী সদস্যদের নিয়ে ব্যবসায়িক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে জেসমিন প্রকল্পের উৎপাদক দলের প্রতিবন্ধী সদস্যদের নিয়ে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের হলরুমে এ ব্যবসায়িক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এই সভার মূল লক্ষ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কার্যকর ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ও হালনাগাদ করা। বাজার চাহিদা বিশ্লেষণ, কৃষি পণ্য নির্বাচন, উৎপাদন পরিকল্পনা, উপকরণ সংগ্রহ ও পণ্য বিক্রির কৌশল নিয়ে আলোচনা হয়। উৎপাদক দলের প্রতিবন্ধী সদস্যদের চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) ও কমিউনিটি মার্কেট এজেন্টদের (CMA) সাথে তাদের সম্পর্ক জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিনিয়র শিক্ষক আমেনা খন্দকার লিপি ও লতিফা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম মোস্তফা হীরা ও প্রণয় চন্দ্র পাল, পাইকারি বিক্রেতা মো. আফসর আলী এবং প্রতিবন্ধী উৎপাদক দলের কৃষকরা উপস্থিত ছিলেন।
সভায় ২৪ জন প্রতিবন্ধী সদস্যদের জন্য সুনির্দিষ্ট ফসল উৎপাদন ও বিক্রয় পরিকল্পনা কৃষি সম্প্রসারণ, CMA এবং উৎপাদক দলের অন্যন্য সদস্য গণ সহযোগীতা করার আশ্বাস দেন।
উপসহকারী কৃষি কর্মকর্তাগন আমন মৌসুমের ফসল ও জাত নির্বাচন নিয়ে আলোচনা করেন। উৎপাদক দলের চাহিদা অনুযায়ী ফসলের উন্নত জাত ও উৎপাদন বিষয়ে আলোচনা হয়। এছাড়া, প্রতিবন্ধী সদস্যদের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোড়দার করার জন্য কমিউনিটি মার্কেট এজেন্ট ও পাইকারের মধ্যে আলোচনা করা হয়।
জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো: মনির হোসেন ভূইয়া প্রতিবন্ধী ব্যক্তিদের চ্যালেঞ্জ এবং ওয়ার্ল্ড ভিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা এবং প্রতিবন্ধী সদস্যদের জন্য উৎপাদক দলের ব্যবসায়িক বিশেষ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন।
উল্লেখ্য থাকে যে, ধাপে ধাপে জেসমিন প্রকল্পের সকল প্রতিবন্ধী কৃষক ব্যক্তি সদস্যদের নিয়ে এই পরিকল্পনা সভা সম্পন্ন করা হবে। জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ।

