এখনো চলছে টর্চার সেলে নির্যাতন,অবশেষে উদ্ধার হলো আটক ৫ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

মাগুরা পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চার সেল থেকে পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছে সেনা সদস্যরা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মুক্তিপণ আদায়ের লক্ষ্যে তাদের আটক করে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িত অভিযোগে ইসতিয়াক আহমেদ শান্ত নামে এক যুবককে আটক করা হয়েছে।

জানা গেছে ইসতিয়াক আহমেদ শান্ত, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানজেল হোসেনের ভাতিজা। ঘটনাস্থলে শান্তর কাছ থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঐ মোবাইল ফোন থেকে ওই ব্যবসায়ীদের ওপর নির্যাতনের ভিডিও চিত্র পাওয়া যায়।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ক্যাম্পে দায়িত্বরত সেনা সদস্যরা বুধবার রাতে সাজিয়াড়া গ্রামের এসএম ছাত্রাবাসে আটকে রাখা ব্যবসায়ীদের উদ্ধার করেন। উদ্ধারকৃত পাঁচ ব্যবসায়ী হলেন-রাজীব সরদার, হৃদয় সরদার, বাবু শেখ, ওসমান শেখ ও রিয়াদ। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামে।

এই পাঁচ ব্যাবসায়ী বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ফেরি করে বিক্রির উদ্দেশে ২১ মে মাগুরায় এসে শান্তর খপ্পরে পড়েন বলে জানা যায়।নির্যাতনের শিকার ব্যবসায়ীরা জানান, শান্ত মঙ্গলবার সন্ধ্যায় তাদের কৌশলে সাজিয়াড়া গ্রামের ওই ছাত্রাবাসে আটকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু তারা মুক্তিপণ দিতে অক্ষমতার কথা জানালে শান্ত আরও ৭-৮ জনকে সঙ্গে নিয়ে ওই দিন রাতভর এবং পরদিন বিভিন্ন সময়ে পালাক্রমে তাদের ওপর নির্যাতন চালায়। নির্যাতনের সময় শান্ত ও তার সহযোগীরা সেখানে সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চমাত্রায় মিউজিক চালিয়ে দিত।

এলাকাবাসী জানান, মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়িটি, মহসিন আলম নামে এক প্রবাসীর।দীর্ঘদিন ধরে বাড়িটি ছাত্রাবাস হিসেবে ভাড়া দেয়া ছিলো। হুরাইরা নামে সাজিয়াড়া গ্রামের একটি ছেলের মাধ্যমে মহসিন আলম ছাত্রাবাসটি পরিচালনা করে আসছিলেন। কিন্তু ৫ আগস্টের পর শান্ত ওই ছাত্রাবাসে বসবাসরত ভাড়াটিয়াদের উচ্ছেদ করে সেটির বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দখলে নেয়।

গত এক সপ্তাহ ধরে দিনে ও রাতে বন্ধুবান্ধব নিয়ে দখলকৃত বাড়িটিতে মাদকের আড্ডা বসিয়ে আসছিল শান্ত।বুধবার রাত ১০টার দিকে আটক ব্যবসায়ীদের উদ্ধারকালে ওই ছাত্রাবাস থেকে নানা ধরনের মাদকদ্রব্য জব্দ করেন সেনা সদস্যরা।পরে রাতেই তাদের সদর থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।

উল্লেখ্য, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা হয়েছে। জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
(এএ/ ফারহানা সুমনা)

সর্বশেষ নিউজ