পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

পাটশিল্পের হারানো গৌরব স্মরণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে পাটকে পুনর্জীবিত করার এবং এর বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, “যখন আপনি পাট নিয়ে কথা বলেন, তখন সেটি বাংলাদেশের জন্য শুধু একটি শিল্প নয়, বরং একটি আবেগ ও ঐতিহ্যের প্রতীক। বাংলাদেশ এমন একটি দেশ, যা বহু বছর ধরে বিপুল পরিমাণে প্রাকৃতিক তন্তু উৎপাদন করে আসছে।”

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কার্যালয়ে অনুষ্ঠিত চীন–বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আজও পাটকে কেবল বস্তা তৈরির উপাদান হিসেবে দেখা হয়, অথচ এটি এমন একটি প্রাকৃতিক তন্তু যা পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য অপরিসীম সম্ভাবনাময়। আমরা এখনো এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে পারিনি।”

তিনি বলেন, “আমরা চাইলে আজ থেকেই পাটশিল্পকে অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারি। এটি হতে পারে এক নতুন সূচনা।”

বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ও অন্যান্য কাপড়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পাটশিল্পেও রয়েছে এমন সম্ভাবনা, যা বৈচিত্র্যময় ও বহুমুখী পণ্য উৎপাদনের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিতে পারে।”

এ সময় তিনি ঢাকাই মসলিনের ঐতিহাসিক গুরুত্বের কথাও স্মরণ করেন, যা এক সময় বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ও মূল্যবান কাপড় হিসেবে বিবেচিত হতো।

চীন–বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনে চীনের ১০০টি কোম্পানির প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সর্বশেষ নিউজ