ডেঙ্গু নিয়ন্ত্রণ – ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন বহুতল ভবনে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়ছে। পরিস্থিতির জন্য নাগরিকরা কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করছেন। যদিও সিটি করপোরেশন দাবি করছে, মশক নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক মনিটরিং সেল গঠন করে কাজ চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ডেঙ্গুর বিস্তার রোধে র্যাপিড ক্রাশ প্রোগ্রাম চালু করা এখন সময়ের দাবি। কারণ ছাদবাগান, টব, ফেলে রাখা ড্রাম কিংবা পুরোনো পাত্রে জমে থাকা পানি এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করছে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল কায়েস চৌধুরী জানান, ডেঙ্গু হটস্পট হিসেবে ২৫টি ওয়ার্ড চিহ্নিত করা হয়েছে, যেখানে ৩৪টি টিম নিয়োজিত থাকবে। প্রতিটি দলে ১৫ জন করে সদস্য থাকবেন এবং তারা উৎস চিহ্নিত করে বিটিআই (Biological Larvicide) প্রয়োগ করবেন।
তিনি আরও বলেন, “ছাদবাগানে গাছের টবেও বিটিআই ব্যবহার করা সম্ভব, যা গাছের ক্ষতি না করে মশার বংশবিস্তার ঠেকাতে সাহায্য করবে। আগামী তিন মাসের মধ্যে এই কার্যক্রম পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।”
এদিকে, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মশার উৎস বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে জনসচেতনতার পাশাপাশি আইনি পদক্ষেপও থাকবে।
কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, “এই মুহূর্তে এডিস মশা নিয়ন্ত্রণে না আনলে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। সেজন্য জরুরি ভিত্তিতে র্যাপিড ক্রাশ প্রোগ্রাম চালানো অত্যন্ত প্রয়োজন।”
বিশেষজ্ঞরা মনে করেন, সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোই ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

