দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ১৫৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মারা যাওয়া দুজনই পুরুষ, যাদের মধ্যে একজনের বয়স ৭২ বছর এবং অন্যজনের বয়স ৫০।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরপর ঢাকা মহানগরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন, (সিটি করপোরেশন এলাকা বাদে) ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪০ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২২ জন এবং নারী ১৮ জন। এ সময়কালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২২২ জনে।

