চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা, অভিযুক্ত আসামিকে জেলহাজতে প্রেরণ

কে এম সালাহউদ্দিন, চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

‘রাসূল (সা.) বার্তা বাহক’ এমন বক্তব্যকে কেন্দ্র করে মসজিদের ভেতরে খতিবের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আসামি বিল্লাল হোসেনকে আদালতে পাঠিয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত খতিব মাওলানা আ ন ম নুরু রহমান মাদানীর ছেলে আফনান তাকি বাদী হয়ে থানায় মামলা করেছেন।

শনিবার (১২ জুলাই) বিকেলে আসামিকে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হয়। আসামি বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আব্দুল কাদের খান ও জেলা জজ আদালতের এপিপি ইয়াসিন আরাফাত ইকরাম।

চাঁদপুর কোর্ট পুুলিশ পরিদর্শক শহীদুল্লাহ জানান, বিকেল ৩টার সময় আসামিকে আদালতে আনা হয়। এরপর আসামি বিচারকের কাছে জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হলেন চাঁদপুুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

এ দিকে আজ দুপুর থেকে একটি চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ান খতিব নুরুর রহমান মাদানী মারা গেছেন।

তবে মামলার বাদী আহত খাতিবের ছেলে আফনান তাকী জানান, তারা বাবা প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা হলি কেয়ার হসপিটালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং শঙ্কামুক্ত আছেন।

গুরুতর আহত খতিব মাওলানা আ ন ম নুরু রহমান মাদানী শহরের গুণরাজদী এলাকার বাসিন্দা। তিনি উল্লেখিত মসজিদসহ বিভিন্ন মসজিদে প্রায় শুক্রবার খুতবা দেন। অভিযুক্ত মুসল্লি বিল্লাল হোসেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় বসবাস করেন।

শুক্রবার (১১ জুলাই) বাদ জুমআ চাঁদপুর পৌর এলাকার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মাওলানা আ ন ম নুর রহমান মাদানী হামলার শিকার হন। পূর্বে জুমআর নামাজে আলোচনা ও খুতবা নিয়ে ক্ষিপ্ত ছিলেন ওই এলাকার ভ্রাম্যমাণ সবজি ব্যবসায়ী বিল্লাল হোসেন। তিনি এদিন নামাজ শেষে মসজিদের ভেতরে পূর্বপরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে মসজিদের খতিবের ওপর হামলা চালান। এতে করে খতিবের কানে ও মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে মুসল্লিরা তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। এ সময় হামলাকারী বিল্লাল হোসেনকে আটক করে পুলিশ সোপর্দ করে মুসল্লিরা।

এ দিকে এই ঘটনায় শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বিকাল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

এ ছাড়া বিকেল ৫টায় শহরের রেলওয়ে বায়তুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

সর্বশেষ নিউজ