ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম নারী শিক্ষার্থীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, এবারের ডাকসু নির্বাচনে রাজনৈতিক বলয়ের বাইরেও উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিষয়টিকে তিনি আশাব্যঞ্জক হিসেবে দেখছেন।
তবে একই সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, রাজনীতি কিংবা রাজনীতির বাইরে নারীদের জন্য এখনো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। তাঁর ভাষায়— অব্যাহত কটূক্তি, প্রোপাগাণ্ডা, বিদ্বেষমূলক প্রচার, সাইবার বুলিং ও ট্যাগিংয়ের শিকার হচ্ছেন নারীরা। তাসনিম জারা, ফাতিমা তাসনিম জুমা, সাবিকুন্নাহার তামান্না, উম্মে ছালমা— কেউই রেহাই পাচ্ছেন না এই ব্যাধি থেকে।
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, এসব অপপ্রচারের কারণে অনেক নারী শিক্ষার্থী এখনো রাজনীতিতে অংশগ্রহণে নিরুৎসাহিত হচ্ছেন। অথচ চব্বিশের জুলাই বিপ্লবে নারী শিক্ষার্থীদের অবদান ছিল অনস্বীকার্য। তাঁদের সাহসী নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ আন্দোলনের সাফল্যকে তরান্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ভিপি প্রার্থী সাদিক কায়েম প্রতিশ্রুতি দেন, বিপ্লব-পরবর্তী ডাকসু নির্বাচনে তাঁর অন্যতম প্রধান অঙ্গীকার হবে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করা।
তিনি বলেন, এ যাত্রা কণ্টকমুক্ত নয়। কিন্তু, প্রতিজ্ঞা করছি নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার এই পথযাত্রায় আমরা থামব না।

