চাঁদপুরে ১৪ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন নেই

চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার ১৪টি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই উৎপাদন চালাচ্ছে। এসব প্রতিষ্ঠানকে দ্রুত লাইসেন্স গ্রহণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দিনব্যাপী বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের একটি দল সদর ও ফরিদগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—অবৈধ এসব প্রতিষ্ঠানকে অতিসত্বর নিবন্ধন নিতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিবন্ধনবিহীন প্রতিষ্ঠানের মধ্যে ফরিদগঞ্জের চান্দ্রা বাজারের ঢাকা বেকারি, মামা ভাগিনা লাইভ বেকারি, চিটাগং বেকারি, ইসলামিয়া বেকারি, ভাই ভাই ফুড প্রোডাক্ট, কালির বাজারের আল্লাহর দান বেকারি, মোহাম্মদিয়া বেকারি ও স্টার গোল্ড বেকারি রয়েছে। এছাড়া চাঁদপুর সদরের ভূঁইয়া ফুড অ্যান্ড লাইভ বেকারি, আল আকসা লাইভ বেকারি, ঢাকা মহানগর বেকারি, যমুনা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, মীম ফুড প্রোডাক্টস এবং বাবা অটো রাইস মিলকেও অবৈধ প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ সময় চাঁদপুর রাইস মিল মালিক সমিতির সভাপতির সঙ্গে বৈঠক করে সব অটো রাইস মিলকে পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের অফিস প্রধান পরিতোষ চন্দ্র তালুকদার। সঙ্গে ছিলেন উপপরিচালক (রসায়ন), ফিল্ড অফিসার মো. আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক মো. হাফিজুর রহমান। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ নিউজ