সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদসহ তার দুই সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদেরকে চাপাতি ও মাদকসহ আটক করে যৌথবাহিনী। কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। তার দুই সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সেনা ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোপা মাসুদ ও তার সহযোগীদের কাছ থেকে চাপাতি ও মাদক উদ্ধার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কোপা মাসুদের বিরুদ্ধে থানায় অন্তত পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

