রাজধানীর পুরানা পল্টনে বেকারত্ব নিরসন, আর্থ-সামাজিক উন্নয়ন, সামাজিক অবক্ষয় রোধ, আইন-শৃঙ্খলা উন্নয়ন এবং যুব সমাজকে কারিগরি ও কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরির প্রয়োজনীয়তা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় রাজধানীর ৫৪, পুরানা পল্টন, বিকে টাওয়ারের দ্বিতীয় তলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় পিএসসি সদস্য, সাবেক সচিব, সাবেক বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক, গার্মেন্টস উদ্যোক্তা, আইটি বিশেষজ্ঞ, আইনজীবী, ইঞ্জিনিয়ার, ডিজাইনার, লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, শ্রমিক লিডারসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল ও চলমান উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বেকারত্ব নিরসন ও সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং উদ্যোক্তা তৈরিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় প্রায় ১৫০ জন অংশগ্রহণকারী অভিজ্ঞতা শেয়ার করেন।
কর্মসূচির শেষাংশে সম্মিলিতভাবে ফটোসেশন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

