উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ইয়াছিন মিয়া, (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি
spot_img
spot_img

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চলছে বিক্ষোভ ও প্রতিবাদ। এর মধ্যে সবচেয়ে তীব্র আন্দোলন দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে দীর্ঘ সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুপাশে অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের আপত্তি সত্ত্বেও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন বাদ দিয়ে সেগুলোকে সরাইল ও আশুগঞ্জ আসনে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত বিক্ষোভে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেন।

সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, বিজয়নগরকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে খন্ডিত করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করা হয়েছে। এর ফলে ওই দুই ইউনিয়নের মানুষ প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং উন্নয়ন বঞ্চিত হবে। আমরা চাই এই ইউনিয়নগুলোকে আবারও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে অন্তর্ভুক্ত করা হোক।

প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ নিউজ