কথাসাহিত্যিক হাজেরা নজরুল আর নেই

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বিশিষ্ট কথাসাহিত্যিক, নাট্যকার ও শিক্ষাবিদ প্রফেসর হাজেরা নজরুল ইন্তেকাল করেছেন। সোমবার রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পথে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

১৯৪২ সালের ২০ নভেম্বর রাজবাড়ীতে জন্মগ্রহণ করা হাজেরা নজরুল পরিবারসহ পরবর্তীতে রাজধানীর শান্তিনগরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ছিলেন একজন রত্নগর্ভা মা। তার সন্তানরা জ্ঞানে ও গৌরবে সুপরিচিত—ছেলেরা দেশে-বিদেশে প্রতিষ্ঠিত এবং মেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক।

বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের সহধর্মিণী হাজেরা নজরুল নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। কর্মজীবনে তিনি সরকারি বদরুন্নেসা কলেজ ও বাংলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সরকারের যুগ্মসচিব পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

কথাসাহিত্যিক ও নাট্যকার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত সক্রিয় ছিলেন হাজেরা নজরুল। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০টিরও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সমুদ্র বাসর, জোনাকির আলো, নির্বাচিত গল্প, নির্বাচিত নজরুল, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা দম্পতি, শরবিদ্ধ শিশির।

সোমবার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পরিবারের পক্ষ থেকে এই মহিয়সী নারীর আত্মার মাগফিরাতের জন্য সবার দোয়া চাওয়া হয়েছে।

সর্বশেষ নিউজ