জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ৬নং নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে পরিষদের নির্বাচিত ইউপি সদস্যরা জেলা প্রশাসকের কাছে তার পরিবর্তে প্রশাসক নিয়োগের দাবি জানিয়ে লিখিত আবেদন দাখিল করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইউনিয়নের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এ আবেদন জমা দেন। আবেদনকারীদের মধ্যে ছিলেন—মো. সুজা মিয়া, আব্বাছ মিয়া, আশরাফুল ইসলাম, মো. আব্দুর রহমান মুন্সি, শারমিন আক্তার আক্কেল, হুমায়ুন কবির, মোয়াজ্জেম হোসেন, মাছুম মিয়া বাবলু এবং সংরক্ষিত সদস্য মোছা. সুজেদা বেগম, সাজেদা বেগম ও ফরিদা বেগম।
অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান পদ শূন্য হওয়ার পর হামিদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ব্যক্তিগত স্বার্থ হাসিলের লক্ষ্যে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইউপি ট্যাক্স, ট্রেড লাইসেন্স, উন্নয়ন প্রকল্প, টিআর, কাবিখা ও কাবিটাসহ সব কার্যক্রম তিনি এককভাবে পরিচালনা করছেন। এছাড়া নিয়মিত সমন্বয় সভা না করে সদস্যদের জোরপূর্বক রেজুলেশন খাতায় স্বাক্ষর নিতে বাধ্য করা, প্রতিবাদকারীদের হুমকি-ধমকি ও গালিগালাজ করার অভিযোগও আনা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইউপি সদস্যরা কোনো মাসিক সম্মানী ভাতা পাননি। ভাতা নিয়ে প্রশ্ন তুললে তাদের জানানো হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ না দিলে ভাতা দেওয়া হবে না।
এ ঘটনায় দ্রুত একজন প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা।
বিষয়টি নিয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, “অভিযোগপত্র হাতে পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

