সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজে ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশে বরণ করা হয়েছে। গত সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসে কলেজের শিক্ষক, অতিথি, অভিভাবক ও নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “জীবনের ভিত্তি গড়ার অন্যতম স্থান হচ্ছে কলেজ জীবন। তোমাদের শৃঙ্খলাবদ্ধ জীবন, কঠোর পরিশ্রম ও নৈতিক শিক্ষার মাধ্যমেই আগামী দিনের বাংলাদেশ আলোকিত হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক সামছুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সভাপতি আমিরুল ইসলাম খান (আলিম)।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু পড়াশোনায় নয়, মানবিক গুণাবলি অর্জন করেও নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কামাল অমিতাভ, সহকারী অধ্যাপক রওশন আরা, সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন, সহকারী অধ্যাপক আল মামুনসহ বিভিন্ন শিক্ষকবৃন্দ। তাঁরা নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কলেজের ঐতিহ্য রক্ষায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীরা নতুনভাবে কলেজ ক্যাম্পাসে পা রাখায় সারাদিন ধরে ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা ছিলেন আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর। কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে।
নবীন শিক্ষার্থীরা জানান, জীবনের নতুন অধ্যায়ে কলেজ কর্তৃপক্ষের এমন আন্তরিক আয়োজন তাদের অনুপ্রাণিত করেছে। তারা আশা প্রকাশ করেন, পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা ও ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলবেন।
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি নবীনদের উদ্দেশে বলেন, “তোমাদের জ্ঞানের আলোয় আলোকিত মানুষ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখতে হবে। কলেজ কর্তৃপক্ষ সবসময় তোমাদের পাশে থাকবে।”
দিনভর চলা এ নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস শেষে কলেজ ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ।

