অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে সাগরিকা কমিউটার ট্রেন। নির্ধারিত সময়ের সঙ্গে ট্রেনের ছেড়ে যাওয়া ও পৌঁছানোর সময়ের কোনো মিল নেই। যাত্রীসেবা নিয়েও উঠেছে নানা অভিযোগ।
গত ২৯ সেপ্টেম্বর বেলা ২টা ৩০ মিনিটে মেহের রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে টিকিট ক্রয় করেন কয়েকজন যাত্রী। সাহরাস্তি মেহের থেকে চট্টগ্রাম পর্যন্ত টিকিটের নির্ধারিত মূল্য ৭৫ টাকা হলেও যাত্রীদের দিতে হয়েছে দ্বিগুণ অর্থাৎ ১৫০ টাকা।
কাউন্টারের টিকিট বিক্রেতা কর্মকর্তা আলমগীরের কাছ থেকে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট ক্রয় করেন কচুয়ার সুজন নামের এক যুবক। সুজন জানান, তিনি তার বাবা-মাকে নিয়ে মোট তিনটি টিকিট ক্রয় করেছেন।
এ ঘটনায় মেহের স্টেশনের যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, টিকিট কাউন্টারের কর্মকর্তা আলমগীরের অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। বাড়তি টাকা দিলে আসন পাওয়া যায়, অন্যথায় দাঁড়িয়ে যাত্রা করতে হয়।
ট্রেন পরিদর্শক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাটির ভিডিও ফুটেজও পাওয়া গেছে বলে জানা গেছে।

সাগরিকা কমিউটার ট্রেন: সময়সূচি ও বর্তমান অবস্থা
চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে ভ্রমণ দূরত্ব ১৮০ কিলোমিটার। যাত্রার গড় সময় ৫ ঘণ্টা ৫ মিনিট হওয়ার কথা থাকলেও বর্তমানে ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে সাড়ে পাঁচ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত সময় নিচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চাঁদপুরগামী ট্রেনটি যাত্রাপথে ২১টি স্টেশনে বিরতি দেয়।

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল দ্বারা পরিচালিত এই মিটারগেজ যাত্রীবাহী ট্রেনটি প্রথম পরিষেবা চালু করে ১৫ জুন ২০০৭ সালে। পরবর্তীতে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি এটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হয়। বর্তমানে ট্রেনটি ‘এন এল ট্রেডিং’ কর্তৃক পরিচালিত হচ্ছে।

