পাবনার ঈশ্বরদীতে জনতা ব্যাংকের পাকশী শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) খালেদ সাইফুল্লাহ এক কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিখোঁজ হয়েছেন।
রোববার (৫ অক্টোবর) দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ ব্যাংক কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ (৪৫) ঈশ্বরদী পৌর এলাকার হাসপাতাল রোডের বাসিন্দা, তিনি আব্দুল গফুর শেখের ছেলে।
ঘটনা তদন্তে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা মাঠে নেমেছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত খালেদ সাইফুল্লাহ বা টাকার কোনো হদিস পাওয়া যায়নি।

