বিএনপির বিরুদ্ধে প্রবাসী সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসাইনের পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চাঁদাবাজ সাংবাদিক ইলিয়াস হোসাইন পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী একটি দলের এজেন্ডা বাস্তবায়নে নেমেছে। এর সঙ্গে আমাদের দলেরই একজন নব উদিত মনোনয়নপ্রত্যাশী ও তার চাচা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তারা বিশেষ দল ও গোষ্ঠীকে সুবিধা দেওয়া-নেয়ার পাঁয়তারা করছেন।
তিনি আরও বলেন, দেশজুড়ে যেখানেই বিএনপির মাঠ ভালো, যেখানেই বিএনপির জেতার সম্ভাবনা রয়েছে, সেখানেই একটি দল বিষদাগার করার চেষ্টা করছে। মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। ইলিয়াস বিএনপির সেসব মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে নেমেছে।
শরীফুজ্জামান শরীফ গণতান্ত্রিক পদ্ধতিতে দলের কাউন্সিলরদের ভোটে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। বিএনপির এই নেতা ও তার ভাই সাহিদুজ্জামান টরিকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
ইলিয়াস হোসাইনের ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর সমালোচনা করে সংবাদ সম্মেলনে আরও বলা হয়,
“ইলিয়াস হোসাইন কাটছাঁট করে ভিডিও তৈরি করে তা প্রকাশ করেছে। পুরো ঘটনাটি কৌশলগতভাবে সাজানো হয়েছে যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং টাকার লেনদেনের গল্পে প্ররোচিত হয়। ভিডিওর কোথাও চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিএনপি নেতাদের বিরুদ্ধে যে বিষদাগার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ইলিয়াসের নিজস্ব প্রপাগান্ডা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি,
জেলা মহিলা দলের সভাপতি রউফুন নাহার রিনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে ‘দুই ভাই মিলে বাংলা সিনেমার স্টাইলে চাঁদাবাজি করছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়।

